The FindingsThe Findings

The Findings

The FindingsThe Findings

© The Findings. All rights reserved.

আমাদের অনুসরণ করুন
FacebookTwitterLinkedInYoutube
মিডিয়া ওয়াচ

তিমুর-লেস্তে: এক দেশকে দুই দেশ বানালো মিডিয়া

The Findings
The Findings৬ নভেম্বর, ২০২৫
তিমুর-লেস্তে: এক দেশকে দুই দেশ বানালো মিডিয়া

“আরও দুই দেশে ভিসা ছাড়াই যেতে পারবে বাংলাদেশিরা” — এই শিরোনামে দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে সম্প্রতি একটি সংবাদ প্রকাশিত হয়েছে। প্রতিবেদনগুলোয় ‘তিমুর-লেস্তে’ নামের দেশটিকে দুটি পৃথক দেশ হিসেবে উপস্থাপন করা হয়েছে।

আরটিভি তাদের প্রতিবেদনে লিখেছে, “বাংলাদেশের কূটনৈতিক, অফিসিয়াল ও সার্ভিস পাসপোর্টধারীদের জন্য তিমুর-লেস্তে ভিসা অব্যাহতির চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ফলে বাংলাদেশিরা এখন থেকে এই দুই এশীয় দেশে ভিসা ছাড়া যেতে পারবেন। মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।”

একই রকম তথ্য প্রচার করেছে বাংলাভিশন, দেশ টিভিসহ আরো কয়েকটি সংবাদমাধ্যম।

তবে দৈনিক ইত্তেফাক তাদের প্রতিবেদনে আরও এক ধাপ এগিয়ে তিমুর-লেস্তে নামের মাঝে ‘ও’ যোগ করেছে। তারা লিখেছে, “বাংলাদেশের কূটনৈতিক, অফিসিয়াল ও সার্ভিস পাসপোর্টধারীদের জন্য তিমুর ও লেস্তে দেশে ভিসা অব্যাহতির চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ফলে এই পাসপোর্টধারীরা এখন থেকে উক্ত দুই এশীয় দেশে ভিসা ছাড়া যাতায়াত করতে পারবেন।”

প্রতিবেদনগুলোর মধ্যে আর কোন পার্থক্য নেই। সব প্রতিবেদনের লেখা একইরকম। অনুসন্ধানে দেখা গেছে, চলতি বছরের ৯ জানুয়ারি প্রকাশিত “আরও দুই দেশে ভিসা ছাড়াই যাওয়া যাবে” শিরোনামের কিছু প্রতিবেদনে একই ভুল প্রচার হয়েছে, যেখানেও ‘তিমুর-লেস্তে’কে দুটি পৃথক দেশ হিসেবে ধরা হয়েছে।

তবে ওই দিনই প্রকাশিত দৈনিক কালবেলা সঠিকভাবে প্রতিবেদন করেছে। “ভিসা ছাড়া আরও এক দেশে যেতে পারবেন বাংলাদেশিরা” শিরোনামে কালবেলা লিখেছিল, “এখন থেকে ভিসা ছাড়া আরও এক দেশে যেতে পারবেন বাংলাদেশিরা। কূটনৈতিক, অফিসিয়াল ও সার্ভিস পাসপোর্টধারীরা ভিসা অব্যাহতি পাবেন বাংলাদেশ ও তিমুর-লেস্তের মধ্যে স্বাক্ষরিত চুক্তির মাধ্যমে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উদ্যোগে মন্ত্রিপরিষদ বিভাগ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।”

কালবেলার প্রতিবেদনে বিষয়টি বিস্তারিতভাবে উপস্থাপন করা হলেও সাম্প্রতিক প্রতিবেদনগুলোতে সংক্ষিপ্ত আকারে সেই পুরনো তথ্যই পুনঃপ্রচার করা হয়েছে।

গত বছরের ডিসেম্বরে ঢাকায় এসেছিলেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা। ১৫ ডিসেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয়ে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন। 

সেই বৈঠকেই বাংলাদেশ ও তিমুর-লেস্তে (পূর্ব তিমুর) সরকারের মধ্যে কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তিটি সই হয়। এ চুক্তির আওতায় দুই দেশের কূটনৈতিক পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই একে অপরের দেশে প্রবেশ, অবস্থান ও প্রস্থান করতে পারবেন।

তিমুর-লেস্তে দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি স্বাধীন রাষ্ট্র, যা ইন্দোনেশিয়ার পূর্বে অবস্থিত। এর সরকারি নাম ‘Democratic Republic of Timor-Leste’। দেশটি ইংরেজিতে ‘East Timor’ এবং বাংলায় ‘পূর্ব তিমুর’ নামেও পরিচিত। ২০০২ সালের আগে এটি ‘East Timor’ নামে পরিচিত ছিল। আনুষ্ঠানিকভাবে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার পর দেশটি আনুষ্ঠানিকভাবে ‘Timor-Leste’ নাম গ্রহণ করে।

‘Timor’ শব্দটি মালয় ভাষা থেকে এসেছে, যার অর্থ ‘পূর্ব’, আবার ‘Leste’ শব্দটি পর্তুগিজ ভাষার এবং এটিরও অর্থ ‘পূর্ব’।  ফলে আক্ষরিকভাবে ‘Timor-Leste’ নামটির বাংলা অর্থ দাঁড়ায় ‘পূর্ব-পূর্ব’। 

শেয়ার করুন: