ফেসবুক পেজটির নাম ‘শান্তির বার্তা, Message of Peace — কিন্তু কাজটি যেন একেবারেই উল্টো। মোটাদাগে অপপ্রচার করাই যেন এর কাজ। নির্দিষ্টভাবে বলতে গেলে, ‘শান্তির বার্তা’ নামের এই পেজটি নিয়মিতভাবে বিএনপির বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচারমূলক রিলস পোস্ট করছে।
এই প্রতিবেদনের লেখকের সাথে পেজটির পরিচয়ও হয় এমনই একটি রিলসের মাধ্যমে। সম্প্রতি ফেসবুক রিলস ব্রাউজ করতে গিয়েই চোখে পড়ে ‘শান্তির বার্তা’ নামক পেজটি। সেখান থেকে পেজে প্রবেশ করে দেখা গেল, শান্তির নামে চলছে অশান্তি(অপপ্রচার)।
অপপ্রচারের বিষয়ে যাওয়ার আগে পেজটি সম্পর্কে কিছু তথ্য জানা যাক। ফেসবুক পেজটি ২০২৪ সালের ৫ আগস্ট “২৪ এর স্বাধীনতা” নামে তৈরি করা হয়। চলতি বছরের ৯ মে নাম পরিবর্তন করে রাখা হয় “Message of peace শান্তির বার্তা”।
পেজটির পোস্ট বিশ্লেষণ করে দেখা গেছে, এটি একটি জামায়াতপন্থী পেজ, যেখানে বর্তমানে মূলত বিএনপিকে লক্ষ্য করে বিভিন্ন ট্রল ও অপপ্রচারমূলক কনটেন্ট পোস্ট করা হচ্ছে।
পেজটিতে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর তথ্য পাওয়া গেলেও, রিলস স্ক্রল করতে গিয়ে একটি নির্দিষ্ট বিষয়ের ওপর অনেকগুলি রিলস চোখে পড়ে। দেখা যায়, একই বিষয় বারবার রিলসের মাধ্যমে প্রচার করা হচ্ছে। এই প্রতিবেদনে সেই নির্দিষ্ট অপপ্রচারমূলক কনটেন্ট নিয়েই বিস্তারিত বিশ্লেষণ করা হবে।
ভুয়া অপপ্রচারটি হচ্ছে—“বিশ্বের শীর্ষ দুর্নীতিবাজ পরিবারের তালিকায় তৃতীয় খালেদা” বা “জিয়া পরিবার বিশ্বের তৃতীয় দুর্নীতিবাজ পরিবার”।
এই তথ্যটি ২০১৭ সাল থেকে প্রচারিত হচ্ছে। তখন আওয়ামী লীগপন্থী প্রোপাগান্ডা ওয়েবসাইট বাংলা ইনসাইডার প্রথম ভুঁইফোড় এবং ভিত্তিহীন ওয়েবসাইটের বরাতে সংবাদটি তৈরি করে, যা পরবর্তীতে বিভিন্ন দেশীয় মিডিয়াতে ছড়িয়ে পড়ে। দেশের একাধিক ফ্যাক্টচেকিং সংস্থা ইতিপূর্বেই এই তথ্যকে ভুয়া হিসেবে চিহ্নিত করেছে।
এখনো বিভিন্ন মিডিয়ার ওয়েবসাইটে ওই সংবাদ বিদ্যমান এবং প্রিন্ট সংস্করণের ছবি সামাজিক মাধ্যমে নিয়মিত প্রচার হয়। ফেসবুক পেজ “শান্তির বার্তা” ওই নিউজের প্রিন্ট সংস্করণের ছবি ও প্রতিবেদনের স্ক্রিনশট ব্যবহার করে বিভিন্ন রিলস বানিয়ে পোস্ট করছে। দেখা গেছে, বেশিরভাগ রিলসে দুটি থেকে কয়েকটি পেপারকাটিং বা ছবি ব্যবহার করা হচ্ছে, যার মধ্যে একটি হলো “বিশ্বের শীর্ষ দুর্নীতিবাজ পরিবারের তালিকায় তৃতীয় খালেদা” সংক্রান্ত সংবাদ। কিছু রিলস পোস্টে ওই তথ্য এককভাবে উপস্থিত আছে।
৩ মাসে ৪৫টি রিলে একই অপপ্রচার, ভিউ প্রায় ১৮ মিলিয়ন
পেজটি বিশ্লেষণে দেখা গেছে, চলতি বছরের ১৫ আগস্ট থেকে ১৪ নভেম্বর পর্যন্ত একই অপতথ্য যুক্ত করে মোট ৪৫টি রিল প্রকাশ করেছে পেজটি, যা মোট প্রায় ১৮ মিলিয়ন বার দেখা হয়েছে।
অপতথ্যটি সবচেয়ে বেশি পোস্ট করা হয়েছে অক্টোবরে, এ মাসে ২৫টি রিল করা হয়েছে। এছাড়া আগস্টের শেষার্ধে ৮ বার, সেপ্টেম্বরে ৩ বার এবং নভেম্বরের প্রথম ১৪ দিনে ৯ বার পোস্ট করা হয়েছে। শুধু ১৯ ও ২০ অক্টোবরের তিনটি পোস্টেই ভিউ হয়েছে ৭.২ মিলিয়ন।
“বিশ্বের শীর্ষ দুর্নীতিবাজ পরিবারের তালিকায় তৃতীয় খালেদা”—এই শিরোনামের অনলাইন সংস্করণের স্ক্রিনশট, অথবা প্রিন্ট সংস্করণের ছবি ব্যবহার করে রিলগুলো তৈরি করা হয়েছে। কখনো এককভাবে, কখনো অন্যান্য পেপারকাটিং বা সংবাদের ছবির সাথে যুক্ত করে এসব রিলস করা হয়েছে। সকল পোস্টের লিংক দেখা যাবে এখানে।

অর্থাৎ, আওয়ামী লীগপন্থী প্রোপাগান্ডা ওয়েবসাইট বাংলা ইনসাইডার–এর তৈরি বিএনপি-বিরোধী অপতথ্যটি নিয়মিতভাবে প্রচার করছে একটি জামায়াতপন্থী ফেসবুক পেজ।

